আশানুরূপ ফল না হওয়ায় বরিশালে এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী নুসরাত জাহান নাসরিন (১৮) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

আশানুরূপ ফল না হওয়ায়
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিষ কুমার সাহা।
নুসরাত বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার এমন মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত নুসরাতের বাড়ি বরগুনার আমতলীতে। তিনি স্থানীয় বশির মৃধার মেয়ে। বড় বোনের সঙ্গে বরিশাল নগরীর বান্দ রোডের ভাড়া বাসায় থাকতেন।
চিকিৎসক আশিষ জানান, দুপুর ১২টার দিকে নুসরাতকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সহপাঠীরা বলছেন, নুসরাত সব সময় হাসিখুশি ও পড়ালেখায় মনোযোগী ছিলেন, এমন পরিণতি তারা মেনে নিতে পারছে না। যা খুবই কষ্টদায়ক ঘটনা।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নুসরাত আসলে ভালো ফলাফলই করেছে, তবে এইচএসসির ‘হেলথ সায়েন্স পরীক্ষার একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। চাইলে ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারত; কিন্তু তা না করে এমন সিদ্ধান্ত নেওয়া খুবই মর্মান্তিক।