এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে কিছুদিন আগে। এবার শুরু হচ্ছে আরেক লড়াই- ‘বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ’। শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে। মেধা ও যোগ্যতাই নির্ধারণ করবে কারা পাবেন সুযোগ। ৭ লাখের বেশি শিক্ষার্থী এবার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে প্রতিযোগিতায় নামছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যমতে, দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৫টি, এর মধ্যে ৫৩টিতে নিয়মিত শিক্ষা কার্যক্রম চলছে। এসব বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ৫০ হাজারের সামান্য বেশি।
উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা হয় মেডিকেল, প্রকৌশল ও শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। ব্যানবেইস-এর তথ্য মতে, বর্তমানে ৩৬টি সরকারি মেডিকেল কলেজ ও পাঁচটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মোট আসন ১৩ হাজার ৫০০। প্রথম সারির পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে (ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী ও ইসলামিক বিশ্ববিদ্যালয়) আসন সংখ্যা প্রায় ২২ হাজার।