চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার আনছে ওপেনএআই চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার আনছে ওপেনএআই

CPM NETWORK

Cpm Network

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার আনছে ওপেনএআই

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
openai 20260121114520 1024x576 1

চ্যাটজিপিটির ব্যবহারকারীদের বয়স অনুমান করার নতুন একটি ফিচার চালুর উদ্যোগ নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। এই প্রযুক্তির মাধ্যমে কোনো অ্যাকাউন্ট কিশোর বয়সীদের হতে পারে কি না, তা শনাক্ত করে সংবেদনশীল ও প্রাপ্তবয়স্ক কনটেন্টের ঝুঁকি কমানোই মূল লক্ষ্য।

ওপেনএআই জানিয়েছে, ‘এজ প্রেডিকশন’ নামে পরিচিত এই বয়স শনাক্ত ব্যবস্থা ধাপে ধাপে বিশ্বব্যাপী চালু করা হবে। বিশেষভাবে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, নতুন মডেলটি যদি কোনো অ্যাকাউন্টকে কিশোর বয়সীদের বলে অনুমান করে, তাহলে সেখানে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা সক্রিয় হবে। সে ক্ষেত্রে সহিংসতা, যৌনতা বা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিষয়বস্তুর প্রদর্শন সীমিত করা হবে।

তবে ওপেনএআই স্বীকার করেছে, বয়স অনুমানের এই পদ্ধতি শতভাগ নির্ভুল নয়। ফলে কোনো প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী ভুলবশত কিশোরদের অভিজ্ঞতার আওতায় পড়তে পারেন। এমন পরিস্থিতিতে পূর্ণ সুবিধা ফিরে পেতে ব্যবহারকারীকে পরিচয় যাচাই করতে হবে। এ জন্য সেলফি জমা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে, যা ‘পারসোনা’ নামের একটি পরিচয় যাচাই সেবার মাধ্যমে যাচাই করা হবে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নে এই ফিচার চালু করার পরিকল্পনা রয়েছে। শিশু ও কিশোরদের অনলাইন সুরক্ষা নিয়ে ইউরোপে কঠোর নীতিমালা থাকায় অঞ্চলটিকে এই উদ্যোগের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে ওপেনএআই।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা অভিজ্ঞতা চালুর প্রস্তুতির অংশ। এর আগে গত ডিসেম্বর ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান ফিদজি সিমো জানান, ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই ‘অ্যাডাল্ট মোড’ চালু হতে পারে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও বয়স যাচাই সম্পন্ন ব্যবহারকারীদের জন্য পরিণত কনটেন্ট অনুমোদনের ইঙ্গিত দিয়েছিলেন।

বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৮০ কোটি। এত বিপুল ব্যবহারকারীভিত্তির কারণে বয়সভিত্তিক কনটেন্ট নিয়ন্ত্রণ ওপেনএআইয়ের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। বিশেষ করে শিশু ও কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

একই সঙ্গে রাজস্ব বৃদ্ধির দিকেও নজর দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ওপেনএআই ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন প্রদর্শন শুরু করা হবে। ওপেনএআইয়ের অর্থবিষয়ক প্রধান সারা ফ্রিয়ারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানিটির বার্ষিক আয় ছাড়িয়েছে ২০ বিলিয়ন ডলার, যা আগের বছর ছিল ৬ বিলিয়ন ডলার।

বিশেষজ্ঞদের ধারণা, বয়স শনাক্তের এই প্রযুক্তি একদিকে যেমন কিশোরদের অনলাইন সুরক্ষায় সহায়ক হবে, তেমনি প্রাপ্তবয়স্ক কনটেন্ট চালুর পথও সুগম করবে। তবে বয়স অনুমানের নির্ভুলতা ও ব্যবহারকারীর গোপনীয়তা—এই দুটি বিষয় ভবিষ্যতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD