জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

CPM NETWORK

Cpm Network

জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
জুলাই যোদ্ধাদের ওপর হামলা
জুলাই যোদ্ধাদের ওপর হামলা

জুলাই সনদের আইনি বৈধতাসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি বলেছে, জুলাইয়ের গুরুত্বপূর্ণ অংশীদারদের উপেক্ষা করে কিছু রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদে স্বাক্ষর করা জুলাইয়ের ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা।

এক যৌথ বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এসব কথা বলেন।

জুলাই যোদ্ধাদের ওপর হামলা

জুলাই যোদ্ধাদের ওপর হামলা

এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বিবৃতিতে বলা হয়, অত্যন্ত উদ্বেগের বিষয়, সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার আগেই দিনের প্রথমার্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে জুলাই সনদের আইনি বৈধতাসহ কয়েকটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চব্বিশের জুলাই যোদ্ধা আতিকুল গাজীসহ ২৭ জন গুরুতর আহত হন। একই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য কর্তৃক জুলাই যোদ্ধাদের সঙ্গে অসদাচরণের অভিযোগও উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘২৪-এর জুলাই ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে সহস্রাধিক শহীদ ও আহত যোদ্ধার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই সহস্রাধিক শহীদ ও আহত যোদ্ধার রক্তের বিনিময়েই আজকের বহুল আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কারের দলিল “জুলাই সনদ”। রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর হামলা কেবল নিন্দনীয়ই নয়; বরং এটি জুলাইয়ের রক্তের সঙ্গেও বিশ্বাসঘাতকতা এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ।’

বিবৃতিতে আরও বলা হয়, এ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং ছাত্রপ্রতিনিধিদের উপস্থিতি যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, কেবল ‘জাতীয় ঐক্য’র নামে জুলাইয়ের গুরুত্বপূর্ণ অংশীদারদের উপেক্ষা করে কিছু তথাকথিত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদে স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন করা জুলাইয়ের ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, শহীদ পরিবার, আহত যোদ্ধা, ছাত্রপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের (অংশীজনদের) সঙ্গে বসেই যেন জুলাই সনদের আইনি বৈধতা এবং ‘নোট অব ডিসেন্ট (দ্বিমত)’ সংক্রান্ত সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধান অবিলম্বে নিশ্চিত করা হয়।

 

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD