আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় ঐক্যে জোর এবং মনোনয়ন বিভাজন রুখতে হুঁশিয়ারি করেছেন তারেক রহমান। এ বিষয় নিয়ে দলীয় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারপারসন তারেক রহমান। সম্ভাব্য প্রার্থীদের দিচ্ছেন দিকনির্দেশনাও।
বিএনপির প্রতিটি আসনেই একাধিক প্রার্থী রয়েছেন। দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হয় তার হয়ে কাজ করতে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি যাকে মনোনয়ন দেয়া হবে তাকেও সবাইকে নিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। এর ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা।
রোববার (২৬ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। এ বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভার সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ব্রাহ্মণবাড়িয়া -২, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন, ব্যারিস্টার রুমিন ফারহানা, শেখ মো. শামীম, তরুন দে।
এ বিষয়ে আহসান উদ্দিন খান শিপন বলেন, দলের সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। সাংগঠনিক বিষয়ে বিস্তারিতভাবে বলেছেন।
আহসান উদ্দিন আরও জানান, একজনকে মনোনয়ন দেওয়া হবে বাকি সবাইকে দলের নির্দেশনা মেনে একজনের হয়ে কাজ করতে হবে। যিনি মনোনয়ন পাবেন তাকেও সবাইকে নিয়ে কাজ করতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটলে তার বিষয়টি পরবর্তীতে বিবেচনাধীন থাকবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে আজ সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা— এই পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে মতবিনিময় করবেন তারেক রহমান। বিষয়টি জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এদিন বৈঠকে কোনো নেতাকর্মী বা অনুসারী আনা যাবে না—মনোনয়ন প্রত্যাশী নিজেই উপস্থিত থাকবেন।