বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’পর্যায়ে রয়েছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সকালে ঢাকার বাতাসে এই অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত নিরাপদ মানদণ্ডের চেয়ে প্রায় ১৭ গুণ বেশি রয়েছে বলে জানা গেছে।
ঢাকার অভ্যন্তরে কিছু এলাকায় বাতাসের মান আরও বেশি খারাপ অবস্থায় রয়েছে। সকালে ঢাকার কল্যাণপুর এলাকায় বাতাসের মান ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’, যার একিউআই স্কোর ছিল ২১২। এছাড়া অন্য যে সব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে বেচারাম দেউড়ি (১৯৮), দক্ষিণ পল্লবী (১৮৭), ইস্টার্ন হাউজিং (১৭৯), গোড়ান (১৬৪), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৫৮), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৫) ও তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৫৫)।
এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় ঢাকার চেয়েও খারাপ অবস্থানে রয়েছে তিনটি শহর। শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যা ৩৬৩ একিউআই স্কোর নিয়ে বাতাসের মানকে ‘বিপজ্জনক’ পর্যায়ে নিয়ে গেছে। এর ঠিক পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দুই শহর দিল্লি ও কলকাতা, যেখানে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।