বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা জোরদার ও আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য নিশ্চিত করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ তিন দিনব্যাপী “Supplementary Station Procedure (SSP) প্রস্তুতি বিষয়ক” কর্মশালার আয়োজন করেছে। ৫ থেকে ৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত বেবিচক সদরদপ্তরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে পরিচালনাকারী বিদেশি বিমান সংস্থাগুলোর জন্য আয়োজিত এ কর্মশালার লক্ষ্য ছিল আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা কার্যক্রম নিশ্চিত করা এবং এসএসপি প্রণয়ন, জমা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করা। এতে অংশগ্রহণকারী অপারেটরদের এভসেক সংক্রান্ত বিধিমালা ও তদারকি বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-পরিচালক (চিফ এভসেক ইন্সপেক্টর) ও ICAO অডিটর মোহাম্মদ আলমগীর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (এভসেক পলিসি অ্যান্ড সার্টিফিকেশন) ইফতেখার জাহান হোসেন, সিনিয়র কনসালটেন্ট গ্রুপ ক্যাপ্টেন (অব.) খান শাহীনুল বারি এবং নিরাপত্তা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।
কর্মশালায় বাংলাদেশে পরিচালনাকারী ৩৬টি বিদেশি এয়ারলাইন্সের ৬৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচি অনুযায়ী, সকল বিদেশি অপারেটরের জন্য এসএসপি প্রণয়ন ও বেবিচকের অনুমোদন বাধ্যতামূলক। এ প্রক্রিয়া সহজ করতে বেবিচক একটি মডেল এসএসপি প্রণয়ন করেছে।
বক্তারা জানান, এসএসপি বাস্তবায়নের মাধ্যমে বিদেশি এয়ারলাইন্সগুলোর অভ্যন্তরীণ মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক অডিটে কমপ্লায়েন্স অর্জন সহজ হবে। উল্লেখ্য, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশে বিমান নিরাপত্তা অডিট পরিচালনা করবে।
আসন্ন এই অডিটকে সামনে রেখে আয়োজিত কর্মশালাটি দেশের এভিয়েশন নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।