ঈদের পরদিন রাজধানীতে সবজি কম, দাম চড়া ঈদের পরদিন রাজধানীতে সবজি কম, দাম চড়া

রসাম হাউজ

আচার

ঈদের পরদিন রাজধানীতে সবজি কম, দাম চড়া

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬
bajar mpqgyty6sa2s2ni 20260529112006

পবিত্র ঈদুল আজহার পরদিন শুক্রবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে সবজির সরবরাহ একেবারেই কম। বেশির ভাগ ব্যবসায়ী দোকান বন্ধ রাখায় বাজারে সবজির পরিমাণ কম ছিল। এর প্রভাব পড়েছে দামে। ঈদের আগের তুলনায় অনেক সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার (২৯ মে) রাজধানীর রামপুরা, মালিবাগ, খিলগাঁও, বনশ্রী এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। মহল্লার ব্যবসায়ীরা জানিয়েছেন, আড়তেও সবজির সরবরাহ কম এবং দাম বেশি।

তারা বলছেন, ঢাকায় শুক্রবার সব থেকে বেশি সবজি বিক্রি হয়। কিন্তু ঈদের পরের দিন হওয়ায় আজ আড়তে খুব কম মাল এসেছে। আড়তের সব ব্যবসায়ীও নেই। মাল কম আসায় পাইকারিতে বিভিন্ন সবজির দাম অনেক বেড়ে গেছে। তাই খুচরাতেও দাম বাড়তি।

বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা, যা ঈদের আগে ছিল ৮০ থেকে ৯০ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, যা ঈদের আগে ছিল ৬০ থেকে ৭০ টাকা।

একইভাবে করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, যা ঈদের আগে ৫০ থেকে ৬০ টাকা ছিল। কাঁকরোলের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা, যা ঈদের আগে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল। ঈদের আগে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।

দাম বাড়ার এই তালিকায় রয়েছে কাঁচা মরিচ ও শসাও। ঈদের আগে ২০ টাকা পোয়া (২৫০ গ্রাম) বিক্রি হওয়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম বেড়ে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো জায়গায় ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

রামপুরার সবজি বিক্রেতা কায়সার বলেন, ঈদের কারণে অনেক আড়ত বন্ধ। গ্রাম থেকে সবজিবাহী ট্রাকও অনেক কম এসেছে। এ কারণে সবজির সরবরাহ কমে গেছে। আড়তে অল্প সবজি এসেছে। তাই সবজির দাম একটু বেশি। দু-একদিন পর আবার স্বাভাবিক হবে।

তিনি বলেন, বৃহস্পতিবার ঈদ গেছে, আজ শুক্রবার না হলে আমিও দোকান খুলতাম না। ঢাকার বেশিরভাগ মানুষ শুক্রবার বাজার করে। তাই ঈদের পরের দিন হলেও কিছু বিক্রি হবে, এই আশায় সবজি নিয়ে এসেছি।

ভ্যানে সবজি বিক্রি করা টিটু মিয়া বলেন, আড়তে সবকিছুর দাম বেড়ে গেছে। এ কারণে খুচরাতেও আজ সবজির দাম একটু বেশি। ঈদের আগের তুলনায় প্রায় সব সবজির দাম কেজিতে ২০ টাকার মতো বেড়েছে।

তিনি বলেন, আমি ৭ বছর ধরে ঢাকায় ব্যবসা করছি। কোরবানির ঈদের পর কয়েকদিন সবজি বিক্রি খুব কম হয়। আজ যেহেতু শুক্রবার, তাই কিছু বিক্রি হবে বলে আশা করছি। এ জন্য অল্প কিছু মাল নিয়ে এসেছি। আড়তেও মাল কম এসেছে।

রামপুরা বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী নাজমুল হোসেন বলেন, ঈদের পর বাজারে এসেছি। দেখি সবকিছুর দাম বাড়তি। কোরবানির পরও তো সংসার চালাতে হয়। শুধু মাংস দিয়ে তো আর ভাত খাওয়া যায় না। তাই কিছু সবজি কিনতে আসলাম।

মালিবাগ হাজীপাড়া বৌবাজারে গিয়ে দেখা যায় বেশিরভাগ ব্যবসায়ী দোকান খোলেননি। অল্প কয়েকজন সবজি নিয়ে বসে আছেন। একই অবস্থা দেখা যায় খিলগাঁও তালতলায়।

খিলগাঁও তালতলা থেকে টমেটোসহ কিছু সবজি কেনা কামাল মোশাররফ বলেন, ঈদের আগে এক কেজি পাকা টমেটো কিনেছিলাম ৮০ টাকা দিয়ে। আজ সেই টমেটোর দাম ১২০ টাকা রেখেছে। ঈদের আগে ঢ্যাঁড়স কিনেছিলাম ৬০ টাকা কেজি, আজ ৮০ টাকা কেজি কিনতে হলো। এভাবে সব কিছুর দাম বেড়ে গেছে।

তিনি বলেন, কোরবানি দিয়েছি। বাসায় মাংসের কয়েক পদ রান্না হয়েছে। কিন্তু শুধু মাংস দিয়ে কতোবার খাওয়া যায়। একটু সবজি না খেলে তো অসুস্থ হয়ে পড়বো। তাই কিছু সবজি কিনে নিয়ে যাচ্ছি।

সবজি বিক্রেতা মো. বকুল বলেন, ঈদের পর সবজির দাম একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক। তাছাড়া কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। এতে সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। সেই হিসেবে ঈদের পরের দিন সবজির দাম তুলনামূলক কম বেড়েছে।

তিনি বলেন, এখন সবজির চাহিদা তুলনামূলক কম। ঈদের জন্য ঢাকার বেশিরভাগ মানুষ গ্রামে রয়েছেন। ঢাকায় যারা আছেন, সবার বাসায় মাংস আছে। আরও কয়েকদিন সবজির চাহিদা কম থাকবে। সবজির চাহিদা বাড়লে আমার ধারণা দাম আরও বেড়ে যাবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD