চট্টগ্রামের সীতাকুণ্ডে যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের যাত্রীদের চাপা দিয়েছে দ্রুতগতির একটি লরি। এতে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনের বাড়ি নেত্রকোণা জেলায় বলে জানা গেছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটির ত্রুটি মেরামতের সময় যাত্রীরা নিচে নেমে সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির লরি দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান চালান। ঘটনাস্থল থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফায়ারফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের লরি চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি হেফাজতে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
[atn_photocard]