হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন সাড়ে তিন ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনও ঘটনাস্থল থেকে উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে।

শাহজালালের কার্গো ভিলেজের আগুন
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল অ্যাভিয়েশনের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া বিজিবির ২ প্লাটুন সদস্যও উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে।
আগুন লাগার পর থেকেই বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মাসুদুল হাসান মাসুদ জানান, আগুন লেগেছে মূল কার্গো এলাকার পাশে থাকা একটি অংশে, যেখানে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।
এদিকে আগুন নেভাতে গিয়ে ১৫ জন আনসার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।