অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির

CPM NETWORK

Cpm Network

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
jamat amir 20261128120618

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সারা দেশের অফিসগুলোতে সাড়ে ১৫ বছর আমরা মুহূর্তের জন্যও প্রবেশ করতে পারিনি। অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল। এমনকি আমাদের প্রতীকও কেড়ে নেওয়া হয়েছিল। শেষ মুহূর্তে বেপরোয়া হয়ে অন্যায়ভাবে আমাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। চার দিনের মাথায় আপামর জনতার আন্দোলনের মুখে সেই সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া।

আজ শনিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন উপেক্ষা করে সরকার পরিচালনা করলে তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে। এটি বাংলাদেশকে কোনো সুবিধা দেবে না। বরং এর মাধ্যমে অতীতের ফ্যাসিবাদীরা সুযোগ পাবে। সরকারকে অত্যন্ত দৃঢ় ও স্পষ্টভাবে আহ্বান জানাব, সমস্যা আপনারা তৈরি করেছেন, সমাধান আপনারা খুঁজে বের করুন এবং জনগণের গণরায় বাস্তবায়ন করুন। তাহলে ২০২৪ সালে যেমন সবাই ঐক্যবদ্ধ ছিলাম, নতুন করে ঐক্যের কোনো প্রক্রিয়া শুরু করার দরকার হবে না। এর ওপরেই জাতীয় ঐক্য তৈরি হয়ে যাবে।

বিরোধী দলগুলো তাদের অনেক আপনজন ও নেতৃত্ব হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী তার শীর্ষ নেতৃবৃন্দকে চোখের সামনে অত্যন্ত নির্মমভাবে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে দেখেছে। দলের শীর্ষ নেতৃবৃন্দের ১২ জনের বিরুদ্ধে সম্পূর্ণ অযৌক্তিক, অন্যায়, আজগুবি ও মিথ্যা-বানোয়াট মামলা দিয়ে হত্যার আয়োজন করা হয়েছিল। তাদের মধ্যে ১১ জন পর্যায়ক্রমে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেউ ফাঁসিতে, কেউ বা কারাগারের অভ্যন্তরে অবহেলা, অযত্ন ও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন।

নির্বাচনের পরের দিন থেকেই বর্তমান সরকারি দল তাদের অবস্থান পরিবর্তন করেছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, জাতির সঙ্গে দেওয়া ওয়াদা তারা লঙ্ঘন করেছেন এবং গণভোটকে অস্বীকার করেছেন। সনদ বাস্তবায়নে তারা গড়িমসি করছেন। অস্বীকার না করলেও গোটা জাতি নতুন করে আবার আশাহত হয়েছে। জাতির মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে, বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য একটি সভ্য, বসবাসযোগ্য ও নিরাপদ জনপদ হবে কি না।

শফিকুর রহমান বলেন, আজকে যারা সরকারি দলে আছেন, তাদেরও অনেক নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অন্তত একজনকে ফাঁসি দেওয়া হয়েছে। তাদের ওপরও অনেক জুলুম-নির্যাতন করা হয়েছে। তাদের বিপুলসংখ্যক সহকর্মী আমাদের মতোই গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, দেশছাড়া হয়েছেন, চাকরি হারিয়েছেন এবং ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাহলে কেন তারা তাদের অবস্থান পরিবর্তন করলেন? কেন এই ওয়াদা ভঙ্গ করলেন? এর জবাব অবশ্যই সরকারকে জাতির সামনে স্পষ্ট করতে হবে।

শফিকুর রহমান বলেন, শুধু গণভোটের গণরায় বা জুলাই সনদ নয়, আরও অনেক মৌলিক আকাঙ্ক্ষা ছিল, যেগুলো অগ্রাহ্য করা হয়েছে। এর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা অন্যতম। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটি স্বাধীন সচিবালয় গঠন করা হয়েছিল। এর লোকবল নিয়োগ দেওয়া হয়েছিল, অফিস স্থাপন করা হয়েছিল এবং কার্যক্রম শুরু হয়েছিল। বিএনপির বরাবরের অঙ্গীকার ছিল, তারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে। কিন্তু দুঃখের বিষয়, সরকার গঠনের পর সেই সচিবালয় বন্ধ করে দেওয়া হয়েছে। লোকবল প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এটিও জাতির সঙ্গে দেওয়া ওয়াদার সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের ৩১ দফা সংস্কার প্রস্তাবে সংবিধান সংস্কারের কথা ছিল। কিন্তু এখন তারা হাঁটছেন সংবিধান সংশোধনের দিকে। জনগণ আমাদের জিজ্ঞেস করে, সংস্কার কী, সংবিধান কী, সংশোধন কী? এখানে সমস্যাটা কোথায়?

সংস্কার ও সংশোধনের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আসে, এটার ওপর কোনো আদালত হাত দিতে পারে না। এটা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়, যেটা গণভোটের রায়। আর সংশোধনের মাধ্যমে যে পরিবর্তন আসবে, চাইলে আদালতে তা চ্যালেঞ্জ করা যাবে। বাংলাদেশে এরকম কমপক্ষে পাঁচটি উদাহরণ আছে। এমনকি সংসদে সর্বসম্মতভাবে পাস করা বিলও উচ্চ আদালত বাতিল করে দিয়েছে। আমরা চাই না, এ ধরনের লুকোচুরি খেলা চলুক। সংসদ আর আদালতের মধ্যে অবস্থান স্পষ্ট হোক। এ জন্যই সংস্কার প্রয়োজন, যেখানে আদালত হাত দিতে পারবে না।

জামায়াত আমির বলেন, অতীতের ধারার রাজনীতিতে ফিরে না যাওয়ার কথা ছিল। দেশকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল। গোটা জাতিকে অন্তর্ভুক্ত করা হবে, মেধার মূল্যায়ন হবে। আন্দোলন প্রথমে যে দাবিতে শুরু হয়েছিল, সেটি ছিল মেধার মূল্যায়ন নিয়ে। একটি মেধাভিত্তিক সমাজ গড়ে তোলার কথা ছিল। সেখানে দলীয় আনুগত্য বিবেচনায় আসবে না।

সরকারের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে স্থানীয় সরকারে কোনো অনির্বাচিত প্রতিনিধি থাকবে না বলেও প্রত্যাশা ছিল উল্লেখ করে তিনি বলেন, আমরা কী দেখলাম? সম্পূর্ণ বিপরীত। পুরো ব্যবস্থাটাকে দলীয় নেতা ও ক্যাডার দিয়ে দখল করা হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে। সংসদে একটা তালিকা দেখানো হয়। কিন্তু এর সঙ্গে বলা হয় না, এক বছর আগে আমরা গৃহস্থালিতে যে গ্যাস ব্যবহার করতাম, তার দাম কত ছিল, আর এখন কত। আগে বিদ্যুতের ইউনিট রেট কত ছিল, আর এখন কত। নীরবে জনগণের রক্ত শোষণ করা হচ্ছে।

তিনি বলেন, সব দোষ অতীতের সরকারগুলোর ওপর এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতির ওপর চাপানো হচ্ছে। যেন বর্তমান সরকারের কোনো দোষ নেই। দুর্নীতির অনেক ঘটনা আড়ালে-আবডালে চলছে, সেগুলোও সামনে এসেছে। দুর্নীতিগ্রস্ত সমাজের কারণে আজ আমাদের এই অবস্থা।

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, এটি একটি বিশাল উদ্বেগের ব্যাপার। বাংলাদেশ রপ্তানিতে এমনিতেই অনেক পিছিয়ে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প। এখানেও আমাদের সক্ষমতা খুব সীমিত। আমরা কার্যত অন্যের দেওয়া কাঁচামাল ও উপকরণ নিয়ে কাজ করি। ক্যাপিটাল মেশিনারিসহ প্রায় সবকিছু বিদেশ থেকে আমদানি করতে হয়। সর্বোচ্চ ১০ শতাংশ আমাদের দেশীয়, ৯০ শতাংশই আমদানি।

তিনি বলেন, শিল্পখাতে অস্থিরতা এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে বাধ্য হয়ে শ্রমিকরাও তাদের দাবিতে রাস্তায় নেমেছেন। আমরা বরাবর বলে এসেছি, শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে। কিন্তু শ্রমিক বাঁচলেও শিল্প বাঁচবে। এই দুটি একটির সঙ্গে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিল্পকেও বাঁচাতে হবে, শ্রমিককেও বাঁচাতে হবে।

এই শিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এই শিল্পকেও ধসিয়ে দিয়ে মাটির সঙ্গে বসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দুঃখজনকভাবে আমাদের প্রতিবেশী দেশগুলোর সংবাদমাধ্যমে এ শিল্প নিয়ে নেতিবাচক ও ধ্বংসাত্মক সমালোচনা করা হচ্ছে। বলা হচ্ছে, এই শিল্পও টিকবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই শিল্প ধ্বংসের পেছনে তাদেরও কোনো হাত আছে কি না?

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD