বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনেও খরচও বেড়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বড় চাপ সৃষ্টি করছে।
সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘উন্নয়নের কণ্ঠস্বর’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী অভিযোগ করে বলেন, বিগত সরকার সমুদ্র জয় করলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ আহরণে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করতে পারেনি। অথচ প্রতিবেশী দেশগুলো এ খাতে অনেক দূর অগ্রসর হয়েছে।
মন্ত্রী আরো বলেন, সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানিতে উন্নয়ন সহযোগীদের আরো বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন।
জ্বালানিমন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে এবারের বাজেটে কর শিথিল রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছেন। এ ছাড়া ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।