আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা হয়নি। বিগত সময়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলায় পুলিশ বাদী হতো এমন একটি মামলার উদাহরণ দেওয়ার আহ্বানও জানান তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আমাকে একটা উদাহরণ দেন পুলিশ বাদী হয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা করেছে। আমার জানামতে, গত দুই বছরের মধ্যে, বিশেষ করে ৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে একটি মিথ্যা গায়েবি মামলাও হয়নি।
তিনি বলেন, এখন কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার কারো বিরুদ্ধে মামলা করলে পুলিশ সেটি খতিয়ে দেখবে, তদন্ত করবে। পুলিশ মামলা নিতে অস্বীকার করতে পারবে না। আইন পুলিশকে সেই ক্ষমতা দেয়নি।
মো. আসাদুজ্জামান বলেন, আমরা বিষয়টিকে একটা ব্যালেন্সের জায়গায় নিয়ে আসছি। আপনারা এটি অ্যাপ্রিশিয়েট করবেন। আগের মতো মিথ্যা গায়েবি মামলা এখন আর হয় না।
সাতক্ষীরা আদালতে বিচারক সংকটের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বিষয়টি আমরা প্রশাসনিকভাবে দেখব। সুপ্রিম কোর্টের সঙ্গে আলাপ-আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরায় মাদক, অস্ত্র ও স্বর্ণের চালান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আপনারা যে মাদক, অস্ত্র ও স্বর্ণের চালানের বিষয়টি বলেছেন, আমরা সব স্তরের মিটিংয়ে এ নিয়ে আলোচনা করেছি। প্রশাসনিকভাবে যা যা করণীয়, সেগুলো আমরা করব।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন করা প্রয়োজন। আমরা সেই পথেই আছি। আশা করি, আমাদের বিরোধী দলও এটি গ্রহণ করবেন এটাই আমাদের প্রত্যাশা।
সাতক্ষীরা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন আইনমন্ত্রী বলেন, সাতক্ষীরা আমার অনেক প্রিয় একটি জায়গা। এখানকার আবহাওয়া, এখানকার জল, এখানকার বায়ু, এখানকার মানুষ, এখানকার আপ্যায়ন অন্যরকম। সুতরাং সাতক্ষীরায় এসে আমি নিজেকে ধন্য মনে করছি।
এর আগে সকালে সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা, মাদক, দুর্নীতি নিয়ন্ত্রণ ও সুশাসন নিশ্চিতকরণবিষয়ক সমন্বয় সভায় অংশ নেন তিনি।