উন্নয়ন প্রকল্পে অপচয় রোধের তাগিদ অর্থমন্ত্রীর উন্নয়ন প্রকল্পে অপচয় রোধের তাগিদ অর্থমন্ত্রীর

CPM NETWORK

Cpm Network

উন্নয়ন প্রকল্পে অপচয় রোধের তাগিদ অর্থমন্ত্রীর

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
amir khosru

উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের সুফল নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, উন্নয়ন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি, পরিবেশগত বিবেচনা এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের এনইসি ভবনে ‘পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো (জুলাই ২০২৬–জুন ২০৩১)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এ কর্মশালার আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের উন্নয়নের জন্য পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোকে একটি বাস্তবভিত্তিক রূপরেখা ও কৌশলগত দিকনির্দেশনা হিসেবে কাজ করতে হবে। উন্নয়ন অগ্রাধিকারগুলোকে বাস্তবায়নযোগ্য কৌশলে রূপান্তর করতে হবে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রায়ই নানা জটিলতা দেখা দেয়। এ জন্য মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয় প্রয়োজন। জাতীয় উন্নয়নে সমন্বিত দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

উন্নয়ন প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নের ক্ষেত্রে চারটি মানদণ্ডের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এগুলো হলো অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি, পরিবেশগত বিবেচনা এবং কর্মসংস্থান সৃষ্টি। সরকারি সম্পদের দক্ষ ব্যবহার ও নাগরিকদের জন্য বাস্তব সুফল নিশ্চিত করতে এসব মানদণ্ডের ভিত্তিতে উন্নয়ন উদ্যোগগুলো মূল্যায়ন করতে হবে।

উন্নয়ন কর্মসূচিগুলো উন্নয়ন সহযোগীদের অগ্রাধিকার ও কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। সরকারের আর্থিক সম্পদের ওপর চাপের কথা উল্লেখ করে তিনি বিচক্ষণ রাজস্ব ব্যবস্থাপনা, সম্পদের দক্ষ ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের আহ্বান জানান। একই সঙ্গে উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প নির্ধারিত লক্ষ্য কিংবা বাস্তবায়ন পরিকল্পনা থেকে বিচ্যুত হলে সময়মতো প্রয়োজনীয় সংশোধনী পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে তিনি রাজনৈতিক অঙ্গীকার ও সংস্কারের অগ্রাধিকারগুলোকে সুনির্দিষ্ট উন্নয়ন উদ্যোগে রূপ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ হবে। এ জন্য পরিকল্পনা প্রক্রিয়ায় সামঞ্জস্য ও ধারাবাহিকতা বজায় রাখতে হবে। উন্নয়ন পরিকল্পনা সুসমন্বিত, পরস্পরের পরিপূরক এবং সরকারের বৃহত্তর সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন, যাতে নির্ধারিত লক্ষ্যগুলো কার্যকরভাবে অর্জন করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।

কর্মশালাটির মাধ্যমে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো সম্পর্কে অভিন্ন ধারণা তৈরি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার এবং ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত দেশের সংস্কার ও উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণে সহায়তা পাওয়ার আশা করা হচ্ছে।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD