কৃষিপণ্যের মান বাড়াতে ইইউর সহযোগিতা চান বাণিজ্যমন্ত্রী কৃষিপণ্যের মান বাড়াতে ইইউর সহযোগিতা চান বাণিজ্যমন্ত্রী

CPM NETWORK

Cpm Network

কৃষিপণ্যের মান বাড়াতে ইইউর সহযোগিতা চান বাণিজ্যমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
8b10b141 d8a3 4065 acb5 8bcf771bf12c

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে আধুনিক প্যাকেজিং, কার্যকর মান নিয়ন্ত্রণ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সরাসরি সমন্বয় ও যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করা গেলে বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্ভাবনা আরও বিস্তৃত হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রীয় প্যাকিং হাউসের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষির আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, মাটির গুণাগুণ ও পুষ্টিমান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল উৎপাদন করতে হবে। মাটিতে ফসফরাস, জিংক, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি নির্ণয় করে সে অনুযায়ী সার ও অন্যান্য উপাদান প্রয়োগ করা গেলে কৃষির উৎপাদনশীলতা উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব।

এ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের মাটির গুণাগুণ ও পুষ্টিমানভিত্তিক মানচিত্র (সয়েল ম্যাপিং) তৈরির নির্দেশনা দেন মন্ত্রী। একই সঙ্গে অঞ্চল ও মৌসুমভেদে কোন ফসল চাষের জন্য কোন এলাকার মাটি বেশি উপযোগী, তা চিহ্নিত করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ওপর জোর দেন তিনি।

কৃষিপণ্য রপ্তানিতে বিদেশি ক্রেতাদের আস্থা অর্জনের গুরুত্ব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের একটি নির্ভরযোগ্য অবস্থান তৈরি করা জরুরি। এ ক্ষেত্রে দেশের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত ও সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ করা হলে আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও বিদ্যমান বাজার সম্প্রসারণের সুযোগ আরও বাড়বে।

কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে কেন্দ্রীয় প্যাকিং হাউসের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদার, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং প্যাকেজিং ব্যবস্থার আধুনিকায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

সভায় উপস্থাপিত কেন্দ্রীয় প্যাকিং হাউসের রপ্তানি প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ মেট্রিক টন কৃষিপণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে তাজা ফল ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ মেট্রিক টন, তাজা শাকসবজি ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ মেট্রিক টন এবং মসলা ও অন্যান্য কৃষিপণ্য ২২৫ দশমিক ৫৯ মেট্রিক টন। আগের অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ মেট্রিক টন। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির মাধ্যমে কৃষিপণ্য রপ্তানির পরিমাণ বেড়েছে প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ।

রপ্তানিকৃত ফলের মধ্যে আম, কাঁঠাল ও লেবুজাতীয় ফল রয়েছে শীর্ষ অবস্থানে। ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৯৫ দশমিক ৯৯ মেট্রিক টন আম, ৭১৯ দশমিক ২২ মেট্রিক টন কাঁঠাল এবং ৬৫২ দশমিক ৭৮ মেট্রিক টন লেবুজাতীয় ফল রপ্তানি হয়েছে। পাশাপাশি শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা ও পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি হচ্ছে।

বাংলাদেশের এসব কৃষিপণ্যের উল্লেখযোগ্য রপ্তানি গন্তব্যের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, মাল্টা, সুইডেন, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম ও গ্রিস।

আন্তর্জাতিক রপ্তানি মানদণ্ড প্রতিপালনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে কেন্দ্রীয় প্যাকিং হাউস। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এটি স্থাপনের আগে বাংলাদেশের রপ্তানিকৃত কৃষিপণ্যের মানদণ্ড প্রতিপালনসংক্রান্ত অসংগতির বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতিবছর প্রায় ১২০ থেকে ১৭০টি নোটিফিকেশন (নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন) আসত। কেন্দ্রীয় প্যাকিং হাউস চালু হওয়ার পর এ সংখ্যা বছরে গড়ে ১৫ থেকে ২০টিতে নেমে এসেছে। কৃষিপণ্যের মানোন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।

বিশেষ করে কঠোর মান নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা (ফাইটোস্যানিটারি) ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক রপ্তানি মানদণ্ড অনুসরণের মাধ্যমে ১ হাজার ৪৫৭টি চালানে প্রায় ১ হাজার ৯৫ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব চালানের বিপরীতে কোনো নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন পাওয়া যায়নি।

রপ্তানি প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ২০১৭-১৮ অর্থবছর থেকে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে শতভাগ কম্পিউটারাইজড ফাইটোস্যানিটারি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। একই সঙ্গে রপ্তানিযোগ্য উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্যের পরীক্ষা-নিরীক্ষা, ক্ষতিকর বালাই শনাক্তকরণ, কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয় এবং নিজস্ব তালা ও সিলগালা ব্যবহারের মাধ্যমে বিমানবন্দর পর্যন্ত রপ্তানিপণ্যের নিরাপদ পরিবহন নিশ্চিত করা হচ্ছে।

রাজস্ব আহরণেও অবদান রাখছে প্রতিষ্ঠানটি। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে মোট ২১ হাজার ৫১৬টি ফাইটোস্যানিটারি সার্টিফিকেট প্রদান করে ১ কোটি ১২ লাখ ৬৬ হাজার ২৩ টাকা রাজস্ব আহরণ করা হয়েছে। শুধু ২০২৫-২৬ অর্থবছরেই ৪ হাজার ৫০৪টি ফাইটোস্যানিটারি সার্টিফিকেট প্রদানের মাধ্যমে রাজস্ব আহরণ হয়েছে ২৩ লাখ ৫৬ হাজার ১১০ টাকা।

কেন্দ্রীয় প্যাকিং হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, অবকাঠামোগত ও কারিগরি সক্ষমতা, কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা ও মানদণ্ড পূরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে মন্ত্রী কেন্দ্রীয় প্যাকিং হাউসের বিভিন্ন ল্যাবরেটরি পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলেন এবং কৃষিপণ্যের পরীক্ষা-নিরীক্ষা ও মান নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. আমিরুল বাহরাইন, কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক শোয়েব আহমেদ, কেন্দ্রীয় প্যাকিং হাউসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সজীব মুখার্জী, অতিরিক্ত উপপরিচালক আবু আহমেদ তারিফ ও সংগনিরোধ কীটতত্ত্ববিদ সমর বাড়ৈসহ কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD