চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের মুহূর্তে রানওয়েতে হঠাৎ শিয়াল দেখা যাওয়ায় ঢাকাগামী ইউএস- বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজকে সাময়িকভাবে থামতে হয়।
বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘটে এ ঘটনা।
বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটির উড্ডয়নের নির্ধারিত সময় ছিল সকাল ১১টা ৪০ মিনিট। ঠিক উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় পাইলট রানওয়েতে অস্বাভাবিক কিছু নড়াচড়া দেখতে পেয়ে নিয়ন্ত্রণ টাওয়ারকে সতর্ক করেন। পরে বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মীরা রানওয়ে থেকে একটি শিয়ালকে সরিয়ে দেন। এরপর উড়োজাহাজটি দুপুর ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, উড্ডয়নের আগে নিয়ম অনুযায়ী রানওয়ে পরিদর্শন করা হয়েছিল এবং সেটিকে নিরাপদ বলেই ঘোষণা করা হয়। কিন্তু শেষ মুহূর্তে পাশের জঙ্গল থেকে একটি শিয়াল দ্রুত রানওয়েতে উঠে আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও বলেন, রানওয়ের দুপাশে জঙ্গল থাকায় কুকুর ও শিয়ালের মতো প্রাণী ঢুকে পড়ার ঝুঁকি থাকে। এ কারণে নিয়মিত অভিযান চালানো হয়। সিটি করপোরেশনের সহায়তায় কুকুর ধরে বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হয়। উড্ডয়ন ও অবতরণের আগে নিরাপত্তায় কোনো ঘাটতি না রাখতে অতিরিক্তভাবে রানওয়ে পরিদর্শনও করা হয়।