দেশের ৪৪টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আগামী কয়েক দিনও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশে শীতের তীব্রতার কারণে মাঝারি থেকে ঘন কুয়াশার আশঙ্কাও রয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং শৈত্যপ্রবাহ চলমান থাকতে পারে। কুয়াশার প্রকোপও প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৯ জানুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। সেদিনও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দেশের নদী অববাহিকা এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও শীতের এই ধারা অব্যাহত থাকতে পারে। কুয়াশার পাশাপাশি সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার এই পরিস্থিতিতে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।