আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য বিশ্বের ১০৪টি দেশে ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, বাকি নিবন্ধিত ভোটারদের কাছেও দ্রুততম সময়ে ব্যালট পৌঁছে দেওয়া হবে। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সংশ্লিষ্ট ভোটারের দায়িত্ব। গোপনীয়তা ভঙ্গ করলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক হওয়ার ঝুঁকি থাকতে পারে।
ইসি কর্মকর্তারা জানান, সর্বোচ্চ ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসীর কাছে। এছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ ও কাতারে ৭৪ হাজার প্রবাসী ভোটার ব্যালট পেয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে (ইন-কান্ট্রি) ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন, এবং প্রবাস থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার নিবন্ধন করেছেন।
ওই সূত্রে আরও জানা যায়, বুধবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশের ৫০ হাজার ৭৯০ জন প্রবাসীকে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরব ১৭ হাজার, মালয়েশিয়া ১১ হাজার ৭৫০, এবং ওমান ১০ হাজার ২০০ জন প্রবাসী ভোটার ব্যালট পেয়েছেন।