বিগত সরকারের দুর্নীতির কারণে রূপপুরসহ অনেক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়নি। যার ফল এখন জনগণকে ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর সমবায় ভবনে উপজেলা পর্যায়ের সকল নির্বাহী অফিসারদের সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশে সব মিলিয়ে ২৬ হাজার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। কিন্তু ১৭ বছর ধরে সরকার তা ব্যবহার করেনি। দেশের মোট চাহিদা ১৬০০০ থেকে ১৮০০০ মেগাওয়াট।
এছাড়াও মন্ত্রী আরও বলেন, বিদ্যুতের কঠিন সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি সৌরবিদ্যুৎ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহারে জোর দিতে বলেছেন।
তিনি বলেন, সৌরবিদ্যুতের মাধ্যমে প্রাথমিকভাবে, সারা বাংলাদেশে ৫০০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের বিদ্যুতের সিংহভাগ চাহিদা মেটানো সম্ভব।
এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরো বলেন, প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুত ব্যবহার করা শুরু করেছেন। গত তিন দিনে নিজে ব্যবহার করেছেন ১০০০ ইউনিট, নেট মিটারিং এর মাধ্যমে জাতীয় গ্রিডে দিয়েছেন ১২০০ ইউনিট।